Sunday , 8 March 2026

তৃষা ‘প্রিন্সেস’, বিচ্ছেদের গুঞ্জনের মধ্যেই ভাইরাল বিজয়ের পুরোনো মন্তব্য

দক্ষিণি তারকা অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়ের সঙ্গে ২৭ বছরের দাম্পত্যজীবনের ইতি টানছেন স্ত্রী সংগীতা স্বর্ণালিঙ্গম। বিচ্ছেদের আবেদনে সংগীতা দাবি করেছেন, এক অভিনেত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন বিজয়। অভিযোগের তির দক্ষিণি অভিনেত্রী তৃষা কৃষ্ণানের দিকে। বিচ্ছেদের আলোচনার মধ্যে গত বৃহস্পতিবার এক বিয়ের আয়োজনে একসঙ্গে দেখা যায় বিজয়-তৃষাকে, যা তাঁদের সম্পর্ককে ঘিরে নতুন গুঞ্জন উসকে দিয়েছে। এদিকে বিচ্ছেদের গুঞ্জনের মধ্যেই আলোচনায় তৃষাকে নিয়ে বিজয়ের একটি পুরোনো মন্তব্য।

বিয়ের অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিতি
সম্প্রতি চেন্নাইয়ে এক প্রযোজক পরিবারের আয়োজিত বিয়ের সংবর্ধনায় একসঙ্গে হাজির হন বিজয় ও তৃষা। ঐতিহ্যবাহী পোশাকে উপস্থিত এই দুই তারকাকে দেখে উপস্থিত অতিথি ও ভক্তদের মধ্যে ব্যাপক আলোড়ন তৈরি হয়। বিজয়কে দেখা যায় সোনালি রঙের সিল্ক শার্ট ও ভেস্তি পরতে। অন্যদিকে তৃষা পরেছিলেন সাদা-সোনালি সিল্ক শাড়ি, যার সঙ্গে ছিল লাল ব্লাউজ ও এমেরাল্ড নেকলেস। অনুষ্ঠানের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই পুরোনো গুঞ্জন আবারও সামনে আসে।

২০০৪ সাল থেকেই গুঞ্জনের শুরু
বিজয় ও তৃষা প্রথম একসঙ্গে অভিনয় করেন ২০০৪ সালের ব্লকবাস্টার ছবি ‘ঘিলি’-তে। এরপর তাঁরা আরও কয়েকটি ছবিতে একসঙ্গে কাজ করেন—যেমন ‘থিরুপাচি’, ‘আথি’ ও ‘কুরুভি’। এই সময় থেকেই তাঁদের বন্ধুত্ব নিয়ে নানা আলোচনা শুরু হয়েছিল। তবে দুজনই বারবার জানিয়েছেন, তাঁদের সম্পর্ক কেবল সহকর্মী ও বন্ধুত্বের মধ্যেই সীমাবদ্ধ।

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন জল্পনা
পরবর্তী বছরগুলোতেও মাঝেমধ্যে বিভিন্ন ঘটনার কারণে তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনা বাড়ে। ২০২২ সালে তৃষা নিউইয়র্ক ভ্রমণের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করলে ভক্তরা সেখানে দুটি জুতার ছবি দেখে নানা ব্যাখ্যা দিতে শুরু করেন। অনেকেই ধারণা করেছিলেন, বিজয়ও নাকি সেই সফরে তাঁর সঙ্গে ছিলেন। যদিও এসব দাবি কখনোই প্রমাণিত হয়নি।

সিনেমার দৃশ্যে বিজয় ও তৃষা। আইএমডিবি
সিনেমার দৃশ্যে বিজয় ও তৃষা। আইএমডিবি

‘লিও’ ছবির পর আবার আলোচনায়
২০২৩ সালে পরিচালক লোকেশ কঙ্গরাজ পরিচালিত ‘লিও’ ছবিতে আবারও একসঙ্গে অভিনয় করেন বিজয় ও তৃষা। প্রায় ১৪ বছর পর তাঁদের এই পর্দা-ফেরা ভক্তদের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি করে। ছবির প্রচারে তৃষা বলেছিলেন, দীর্ঘদিনের পরিচয়ের কারণে বিজয়ের সঙ্গে কাজ করা তাঁর কাছে অনেকটা ‘বাড়িতে ফেরার মতো’ অনুভূতি দেয়।

‘প্রিন্সেস’ বলে প্রশংসা
‘লিও’ ছবির সাফল্য উদ্‌যাপন অনুষ্ঠানে বিজয় তৃষাকে ‘প্রিন্সেস’ বলে উল্লেখ করে প্রশংসা করেন। তিনি বলেন, ২০ বছর ধরে একই জনপ্রিয়তা ধরে রাখা সহজ নয়। তাঁর মতে, তৃষা সেই কৃতিত্ব অর্জন করেছেন।

বিজয় ও তৃষা। ইনস্টাগ্রাম থেকে
বিজয় ও তৃষা। ইনস্টাগ্রাম থেকে

বিবাহবিচ্ছেদের আবেদনে অভিযোগ
এদিকে বিজয়ের স্ত্রী সঙ্গীতা আদালতে করা বিবাহবিচ্ছেদের আবেদনে দাবি করেছেন, ২০২১ সালে তিনি জানতে পারেন যে তাঁর স্বামী অন্য এক অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন।

আবেদনে আরও বলা হয়, বিষয়টি নিয়ে সমাধানের চেষ্টা করা হলেও তা সফল হয়নি এবং শেষ পর্যন্ত তাঁদের সম্পর্ক ভেঙে পড়েছে।

তৃষার ব্যক্তিগত জীবন
অন্যদিকে তৃষা ২০১৫ সালে ব্যবসায়ী বরুণ মানিয়ানের সঙ্গে বাগ্‌দান করেছিলেন। তবে কয়েক মাসের মধ্যেই সেই বাগ্‌দান ভেঙে যায়। পরে তাঁর নাম অভিনেতা রানা দুগ্গবতির সঙ্গেও জড়িয়ে আলোচনায় আসে।
তবে এত বছরের জল্পনা সত্ত্বেও বিজয় বা তৃষা কেউই কখনো তাঁদের মধ্যে প্রেমের সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার করেননি। ফলে নতুন করে শুরু হওয়া এই গুঞ্জনের সত্যতা নিয়েও এখনো নিশ্চিত কিছু জানা যায়নি।

ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *