সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁ এলাকার করতোয়া তীর। সেখানে কয়েক শতাব্দীর সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে জিন্দানি শরিফ মসজিদ। উপজেলার নওগাঁ ইউনিয়নে হজরত শাহ শরিফ জিন্দানি (রহ.)-এর মাজারসংলগ্ন এই মসজিদ চলনবিল অঞ্চলের অন্যতম প্রাচীন ইসলামি ঐতিহ্য।
কয়েক শ বছর ধরে মসজিদটি শুধু ধর্মীয় উপাসনালয় নয়, স্থানীয় সমাজ, সংস্কৃতি ও আধ্যাত্মিকতার কেন্দ্র হিসেবেও পরিচিত। গতকাল শুক্রবার মসজিদটিতে গিয়ে ঐতিহাসিক সূত্র ও স্থানীয় জনশ্রুতি থেকে এসব তথ্য জানা গেছে।
মসজিদটির অবস্থান তাড়াশ উপজেলা সদর থেকে প্রায় ছয় কিলোমিটার দক্ষিণে অবস্থান। বাস, অটোরিকশা বা ভ্যানে সহজেই এখানে পৌঁছানো যায়। হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের মহিষলুটি এলাকা থেকে দক্ষিণে কয়েক কিলোমিটার গেলেও মসজিদটিতে পৌঁছানো সম্ভব।

